সারাদেশে অধস্তন (নিম্ন) আদালতে ভার্চ্যুয়াল শুনানি নিয়ে পাঁচদিনে ১০ হাজার ৫৮ জন আসামিকে জামিন দেয়া হয়েছে। ভার্চুয়াল পদ্ধতিতে কোর্ট চালু হওয়ার পর থেকে গত পাঁচ কার্যদিবসে এসব জামিন দেয়া হয়। সুপ্রিম কোর্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নির্দেশনায় গত ১০ মে নিম্ন আদালতের ভার্চ্যুয়াল কোর্টে শুধু জামিন শুনানি করতে নির্দেশ দেন সুপ্রিম কোর্ট প্রশাসন। এ বিষয়ে ওইদিন একটি বিজ্ঞপ্তি জারি করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর।
এরপর থেকে ভার্চ্যুয়াল কোর্টে জামিন শুনানি শুরু হয়। পরদিন কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালাতে এক আসামির জামিনের খবর আসে। পরে ১২ মে ১৪৪ জন, ১৩ মে এক হাজার ১৩ জন, ১৪ মে এক হাজার ৮২১ জন এবং ১৭ মে তিন হাজার ৪৪৭ জন আসামিকে জামিন দেয়া হয়।
এ বিষয়ে সুপ্রিম কোর্টের মুখপাত্র ও স্পেশাল অফিসার মোহাম্মদ সাইফুর রহমান জানান, সোমবার (১৮ মে) সারাদেশে পাঁচ হাজার ৭৩০ মামলার শুনানি নিয়ে তিন হাজার ৬৩৩ জন আসামিকে জামিন দেয়া হয়েছে। এর মধ্যে নারী রয়েছেন ১৩১ জন এবং শিশু রয়েছে ৪২ জন।
